লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে মাদ্রাসাশিক্ষক ও ওষুধ ব্যবসায়ী আমিনুল ইসলামকে মারধরের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদ উল্যা বিএসসিসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।গতকাল সোমবার লক্ষ্মীপুরের বিচারিক হাকিম আদালতে শিক্ষক আমিনুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত বিষয়টি তদন্ত করে ১৯ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের করতে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।এদিকে হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা গতকাল সকালে এ ঘটনার প্রতিবাদে সভা করেছেন। বক্তারা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইজুদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ব্যবসায়ী দুলাল হাওলাদার, নাজির আহাম্মেদ মুন্সি, গোলাম মাবুদ হাওলাদার, শামছুদ্দিন মাস্টার প্রমুখ। ব্যবসায়ীরা জানান, হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ হঠা ৎ সভাস্থলে গিয়ে তা ভণ্ডুলের চেষ্টা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উপজেলার হায়দরগঞ্জ মধ্যবাজারে গত বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে শিক্ষক আমিনুলকে মারধর করেন রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদ উল্যা বিএসসি।