খুলনার ডুমুরিয়া উপজেলায় উচ্চ আদালতের রায় অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ কেটে লোনা পানি তুলে চিংড়ি চাষ করার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে ডুমুরিয়া থানায় পাউবোর এক কর্মকর্তা বাদী হয়ে ওই মামলা করেন। এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমপ্রতি বেসরকারি সংস্থা ‘বেলা’ ও ‘নিজেরা করি’র রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেড়িবাঁধের ভেতর থেকে লোনা পানি তুলে চিংড়ি চাষ বন্ধের আদেশ দেন। ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডুমুরিয়া উপজেলার ১৭/১ ও ১৭/২ পোল্ডারের মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি পাউবোর বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ স্থাপন করে লোনা পানি তুলে চিংড়ি চাষ করছেন। এর ফলে এলাকার ফসলি জমি ও গবাদিপশুসহ পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। এভাবে চিংড়ি চাষ বন্ধ করতে পাউবোর পক্ষ থেকে বারবার নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু কিছু ব্যক্তি তা অমান্য করেই চিংড়ি চাষ করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার বিকেলে পাউবোর ডুমুরিয়ার শাখা কর্মকর্তা মুন্সি আসাদুল্লাহ বাদী হয়ে উপজেলার মাগুরখালী ইউপির চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানাসহ ৪৪ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় মামলা করেন।বাদী মুন্সি আসাদুল্লাহ বলেন, ‘ওই ব্যক্তিরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বেড়িবাঁধ কেটে বা ছিদ্র করে পাইপ বসিয়ে অনেক দিন ধরে লোনা পানি তুলে চিংড়ি চাষ করছে। এ ব্যাপারে বহুবার তাদের নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু তারা তাতে আমল না দেওয়ায় আমরা মামলা করতে বাধ্য হয়েছি।’অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, ‘আমাদের এলাকায় ২০-৩০ বছর ধরে লোনা পানি তুলে চিংড়ি চাষ হয়। যেসব জমিতে অন্য ফসল হয় না, সেসব জমিতে আমরা চিংড়ি চাষ করি। পাউবো কর্মকর্তারা চাকরি বাঁচাতে প্রতিবছর আমাদের একটা করে নোটিশ দেয়। কিন্তু এবার শুনছি মামলা করেছে।’মামলার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।