লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে নুর হোসেন ও আজিজ-ইছমাইল বাহিনীর বন্দুকযুদ্ধে পুলিশসহ ১০ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই কাজী আলাউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়।লক্ষ্মীপুর থানার ডিউটি অফিসার এসআই শাহাদাৎ হোসেন জানান, কর্তব্য কাজে বাধা ও পুলিশের ওপর গুলি বর্ষণের অভিযোগে এ মামলা করা হয়। নুর হোসেন বাহিনীর হামলা ও গুলিতে পুলিশ সদস্য আলী হোসেন ও নুরুল আলম গুলিবিদ্ধ হন।লক্ষ্মীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান নুর হোসেনের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় ১৩টি মামলা রয়েছে। পুলিশের ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান নুর হোসেন ও ইছমাইল মোল্লা-আজিজ গ্রুপ বন্ধুকযুদ্ধে লিপ্ত হয়।