নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত শুক্রবার রাতে মামলা হয়েছে। এরপর রাতেই আওয়ামী লীগের প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যানের নয় সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা মেহেদী হাসানের সাতজন সমর্থকের বাড়িতে হামলা হয়। ধারাবারিষা গ্রামে গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে তমিজুর রহমান বাদী হয়ে গুরুদাসপুর থানায় শুক্রবার রাত নয়টায় মামলাটি দায়ের করেন। মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মতিন, তাঁর তিন সহোদর ও এক ভাতিজাসহ ৬৮ জনকে আসামি করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে মতিনের নয় সমর্থককে গ্রেপ্তার করা হয়। তাঁদের গতকাল শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
এই নয়জন হলেন এন্তাজ আলী (৪২), সাইফুল ইসলাম (৩৬), শহিদুল ইসলাম (৫০), রাজব আলী (৩৫), শাহজাহান আলী (৫৬), মনিরুল ইসলাম (২৯), রইস উদ্দিন (৪৫), হাফিজুর রহমান (৩২) ও সুমন সরকার (২৪)।