ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার ঝালুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, দুই সদস্যসহ নয়জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ইউপি সদস্যরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের আবদুল মোতালেব ও ৫ নম্বর ওয়ার্ডের আবদুল লতিব মীর্জা।
নির্যাতনের শিকার দুই কিশোর হলো উপজেলার আন্দুয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জার্জিস হোসেন (১৫) ও পলাশবাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে রতন আলী (১৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে আন্দুয়া গ্রামের রেজাউলের বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়। বুধবার বেলা তিনটার দিকে ছাগলের মালিক রেজাউলের বাড়ির পাশে এ নিয়ে সালিস বসানো হয়। সালিসে ইউপি সদস্য আবদুল মোতালেব বলেন, দুই কিশোর ওই ছাগলটি নিয়ে মতিহার থানার হরিয়ান বাজার দিয়ে যাওয়ার সময় বাজারের নৈশপ্রহরীরা তাদের আটক করেন। খবর পেয়ে বুধবার সকাল ছয়টার দিকে তিনি তাঁর জিম্মায় ওই দুই কিশোরকে ছাড়িয়ে নিয়ে আসেন। সালিসে ওই দুই কিশোরকে গাছে বেঁধে পেটানো হয়। পরে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করে ওই দুই কিশোরকে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। এদিকে দুই কিশোরকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার জার্জিসের বাবা জিয়াউর রহমান দুর্গাপুর থানায় একটি মামলা করেন। তিনি দাবি করেন, ছাগল চুরির সন্দেহে তার ছেলেসহ দুই কিশোরকে নির্যাতন করা হয়েছে। তারা ছাগল চুরি করেনি।
সালিসে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মণ্ডল, সদস্য আবদুল মোতালেব ও আবদুল লতিব মির্জাসহ স্থানীয় লোকজন।
মোজাহার আলীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম বলেন, আহত ওই দুই কিশোর শঙ্কামুক্ত। তাদের শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আলম বলেন, ওই ঘটনায় অপহরণ ও আটকের মামলা হয়েছে। দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।