সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন রশিদকে দল ও চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত লিখিত বক্তব্যে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে রানা দাশগ্রপ্ত বলেন, ‘আমরা বুঝতে অক্ষম, মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকারি দলের এ জনপ্রতিনিধি নিয়ে কীভাবে তৃণমূলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে?’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। আপামর বাঙালি জাতি এতে আশ্বস্ত। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, এ সময় সরকারি দলের চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার নারায়ণহাট ইউপি চেয়ারম্যান হারুন রশিদের ভূমিকা আমাদের বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।’
অভিযোগের বিষয়ে জানতে গত রাতে যোগাযোগ করা হলে হারুন রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ১৫ মিনিট বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্যের ৩৭ সেকেন্ড অংশ খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। কারা কী উদ্দেশে এটি করছেন, তা বলতে পারব না।
এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’
গতকালের সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারি দলের সব পর্যায় থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উসকানিদাতা হারুন রশিদকে তাঁর গণবিরোধী ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দলীয় পদ এবং ইউপি চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী নিতাই প্রসাদ ঘোষ, প্রকৌশলী পরিমল চৌধুরী, অধ্যাপক রণজিৎ দে।