শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। চরপাতালিয়া মীর আবদুস শহীদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে গত শুক্রবার একই গ্রামের শফিক আহম্মেদ (২২) পরিত্যক্ত ঘরে ছয় ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। থানায় মামলা দিতে গেলে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনাটি মীমাংসার প্রস্তাব দেয় মেয়েটির পরিবারকে। মেয়েটি বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎ সাধীন।মেয়েটির পরিবারের অভিযোগ, চরপাতালিয়া মীর আবদুস শহীদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শুক্রবার বেলা ১১টার সময় প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফিরছিল। বিদ্যালয়ের ১০০ গজ দূরে নির্জন রাস্তা থেকে শফিক আহম্মেদ আরও তিন যুবককে নিয়ে মেয়েটিকে তুলে পরিত্যক্ত ঘরে নিয়ে যান। ছয় ঘণ্টা আটকে রেখে মেয়েটির ওপর পাশবিক অত্যাচার চালানো হয়। তাকে অসুস্থ অবস্থায় ফেলে তাঁরা পালিয়ে যান। গ্রামের মানুষ তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শনিবার সকালে মেয়েটির স্বজনেরা গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত করিমকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেন। ইউপি চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনাটি সাংবাদিকেরা জানার পরে মেয়েটিকে সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। গণমাধ্যমকর্মীদের তৎ পরতায় গোসাইরহাট থানার পুলিশ রোববার রাতে অভিযোগটি নথিভুক্ত করেছেন। মেয়েটির খালা সুফিয়া বেগম বলেন, আমার বোনের মেয়েটি এতিম। আমার ভাইয়ের বাড়িতে সে বসবাস করে। শফিক আহম্মেদ তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। আমরা বাধা দিলে আমাদের ওপর চড়াও হতো। মেয়েটির মামা আজিজুল হক বলেন, ‘থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ মামলা নথিভুক্ত না করে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার কথা বলেছে। আমরা রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। সাংবাদিকদের চেষ্টায় রোববার রাতে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।’ ঘটনার পর থেকে শফিক আহম্মেদ পলাতক রয়েছেন। তাঁর বাবা রাজ্জাক মৃধা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান এনায়েত করিম বলেন, ‘ধর্ষণের ঘটনাটি আমি শুনেছি, তবে মীমাংসার চেষ্টা করিনি।’ গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম আলী মোল্যা জানান, অভিযোগ পাওয়ার পরে খোঁজখবর নিয়ে মামলা নথিভুক্ত করতে দেরি হয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়নি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।