ইউপি চেয়ারম্যানের এত নির্দেশ!
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াছ আলীর নির্দেশে ঘৃণই মালতোলা গ্রামের কৃষক মোহামঞ্চদ আলীর পাকা বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তাঁকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাঁর আবাদি জমি চাষাবাদ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।মোহামঞ্চদ আলীর স্ত্রী উমেঞ্চ কুলসুম বলেন, ‘খায়া না খায়া অনেক কষ্ট করি ওই পাকা বাড়ি বানাইছি। ওদের কোনো দয়ামায়া নাই। সেই বাড়ি চেয়ারম্যানের হুকুমে ধুমধুম করি ভাঙি দেছে।’খোঁজ নিয়ে জানা গেছে, মোহামঞ্চদ আলীর (৪৮) সঙ্গে ৫৫ শতক আবাদি জমি নিয়ে তাঁর মামাতো ভাই সাবেক ইউপি সদস্য হবিবর রহমান (৫৮), মজিবর রহমান (৫৬), আবদুর রহমান (৬০) ও মহুবার রহমানের (৫৪) বিরোধ চলছে। মোহামঞ্চদ আলীর দাবি, ওই জমি তাঁর মা উজালী মাই মারা যাওয়ার দুই বছর আগে তাঁকে নিবন্ধনমূলে লিখে দেন। আর হবিবর রহমানের দাবি, ওই জমির মালিক উজালী মাই নন। মালিক তাঁর মরহুম দাদা আলম ব্যাপারী। এই সূত্রে জমির মালিক তাঁরা চার ভাই।মোহামঞ্চদ আলী জানান, ওই ৫৫ শতক জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। হঠাৎ হবিবর রহমান ও তাঁর ভাইয়েরা জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা করলে গত বছরের ১৮ নভেম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষরা তাঁর নিজস্ব আবাদি ১০ বিঘা জমিতে গত মৌসুম থেকে হালচাষ করতে দিচ্ছেন না। ইউপি চেয়ারম্যান তাঁদের পক্ষাবলম্বন করায় হবিবর রহমান একাধিকবার তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে মারপিট করেছেন। এবারও ওই জমিতে বোরোর আবাদ করতে না দেওয়ায় তিনি চেয়ারম্যান ইলিয়াছ আলীর কাছে বিচার চেয়ে লিখিত আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান গত ১৩ ফেব্রুয়ারি এলাকার মালতোলা মসজিদ প্রাঙ্গণে সালিস বসান। সালিসে উভয় পক্ষের বক্তব্য শুনে চেয়ারম্যান লিখিত রায় দেন। রায়ে তিনি তিনটি নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী প্রথম পক্ষকে (বিচারপ্রার্থী) তার ঘরবাড়ি চার মাসের মধ্যে স্থানান্তর করতে হবে, উভয় পক্ষ আগে থেকে যেভাবে সম্পত্তি ভোগদখল করছে, সেভাবেই ভোগদখল করবে ও আদালতে দায়ের করা মামলা উভয় পক্ষ সমঝোতার ভিত্তিতে তুলে নেবে।মোহামঞ্চদ আলীর ছেলে কবিরুল ইসলাম বলেন, ‘সালিসের দেড় মাসের মাথায় হবিবর রহমান ১৫-২০ জন লোকসহ অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি পাকা বসতঘর ভেঙে দিয়ে আমাদের উচ্ছেদ করেন এবং একটি পাওয়ার টিলার নিয়ে মিঠাপুকুরে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরে চেয়ারম্যানের সহায়তায় ১৫ হাজার টাকা খরচ করে ওই টিলার উদ্ধার করা হলেও চেয়ারম্যান তা আমাদের কাছে হস্তান্তর না করে তাঁর বাড়িতেই রেখে দিয়েছেন। আর আমরা এখন এলাকাছাড়া হয়ে এক কিলোমিটার দূরে ঘৃণই নদীর ধারে ঘর তুলে অতিকষ্টে এখন বসবাস করছি।’হবিবর রহমান বলেন, ‘মোহামঞ্চদ আলীর বাড়িভিটা ছিল আমার মরহুম ভাই ফজলে রহমানের নামে। তাঁর বাড়ি আমি ভেঙে দিইনি। চেয়ারম্যানের নির্দেশে নিজেই ঘর ভেঙে নিয়ে জায়গা খালি করে দিয়েছেন। আবাদ করতে না দেওয়া আট বিঘা জমি তাঁর একার নয়। ওই জমিতে অংশীদারমূলে আমরাও ভাগ পাব।’চেয়ারম্যান ইলিয়াছ আলী বলেন, ‘আমি কাউকে ঘর ভেঙে নিয়ে যাওয়ার নির্দেশ দিইনি। আপসরফার ভিত্তিতে মোহামঞ্চদ আলী স্বেচ্ছায় ঘর ভেঙে নিয়ে গেছেন।’ এ সময় সালিসে তাঁর লেখা রায়ের কপি দেখানো হলে তিনি ইতস্তত বোধ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও বলেন, বিরোধপূর্ণ কোনো জায়গার মালিক নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের। চেয়ারম্যান কারও বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিতে পারেন না।