ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় ১৪৪ ধারা, পরে প্রত্যাহার
সিলেটের জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জারি করা ১৪৪ ধারা গতকাল শুক্রবার বিকেলে তুলে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা সমন্বয় কমিটির সভায় টিআর ও কাবিখা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে জনপ্রতিনিধিদের বচসায় ওই চেয়ারম্যান হামলার শিকার হন। হামলার খবরে জনপ্রতিনিধিদের সমর্থকদের মধ্যে ত্রিমুখী উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই দিনই উপজেলা কমপ্লেক্স এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সূত্র জানায়, বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির পূর্বনির্ধারিত সভা শেষে বিকেল তিনটায় মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান উপজেলা কমপ্লেক্সের সামনে হামলার শিকার হন। বিষয়টি নিষ্পত্তি করতে তাঁকে নিয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বৈঠকে বসেন উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদ, পৌর মেয়র আনোয়ার হোসেনসহ ইউনিয়নের অন্য জনপ্রতিনিধিরা। চেয়ারম্যান রায়হানকে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের লোকজন মারধর করে আটক রেখেছে বলে মানিকপুর ইউনিয়নে বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হলে লাটিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তেজিত লোকজন উপজেলা কমপ্লেক্সে আসতে থাকে। রায়হানের সমর্থক সহস্রাধিক লোক গোটা কমপ্লেক্স ঘেরাও করে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমপ্লেক্স এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল নিয়ে জড়ো হতে থাকে ইউপি চেয়ারম্যানের সমর্থকেরা। তারা পৌর মেয়রের ছবিসংবলিত সাইনবোর্ড ভাঙচুর করে ও উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিকেলে সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউপি চেয়ারম্যানের সমর্থকেরা উপজেলা কমপ্লেক্সে অবস্থান করে। এ সময় উপজেলা কমপ্লেক্সে বৈঠকে বসা মেয়রসহ উপজেলা চেয়ারম্যান অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান বলেন, ‘টিআর ও কাবিখা প্রকল্পে লুটপাট হচ্ছে—এ বিষয়টি সমন্বয় সভায় উত্থাপন করায় ক্ষুব্ধ হয়ে উপজেলা চেয়ারম্যানের এক আত্মীয় ও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনসার আহমদ আমার ওপর হামলা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পৌর মেয়রের ছেলেও হামলাকারীদের সহায়তা করে। লোকমুখে এ ঘটনা জেনে আমার ইউনিয়নের লোকজন উপজেলা কমপ্লেক্সে এসেছিল।’ সমন্বয় সভায় এ রকম কিছু হয়নি দাবি করে পৌর মেয়র আনোয়ার হোসেন বলেন, ‘জাতীয় পার্টির লোকজনের সঙ্গে রায়হানের মারামারি হয়েছে। এ সময় আমাকে গালিগালাজ করায় আমার ছেলেরা তাঁর প্রতিবাদ করেছিল।’ উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত জানিয়ে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি মোটেও সম্পৃক্ত নই। আমাকে জড়ানো দুঃখজনক।’ সমন্বয় সভায় কী হয়েছিল, জানতে চাইলে জকিগঞ্জ ইউএনও আলমগীর হুছাইন বলেন, ‘প্রকল্পের কাজ নিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে কিছু কথা-কাটাকাটি হয়েছিল। পরে বাইরে থেকে পরিস্থিতি নাজুক করার চেষ্টা করা হয়।’