ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। দৌলতদিয়া মডেল হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলের ওপর হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কে মানববন্ধন করে। এ ছাড়া বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মহাসড়কে মানববন্ধন করে শেখ আনছার আলী একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ বুধবার রাতে মো. নয়ন শেখ ও মজিবর রহমান প্রামাণিক নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর আগে সুমন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ ওই ব্যক্তিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মণ্ডল আহত হন।