ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রাজারহাট উপজেলা শাখা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
সোনালী ব্যাংক চত্বরে বেলা সাড়ে ১১টায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবু নুর মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদম আলী সরকার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ইউনুছ আলী মণ্ডল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক সাংবাদিক অলক সরকার, উপজেলা ছাত্র ও যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় কুমার সরকার, সম্পাদক সুমন কুমার রায়, ইউপি সদস্য মৃণাল কান্তি রায়, পূজা উদ্যাপন কমিটির চাকিরপশার ইউপির সভাপতি সূর্যকমল মিশ্র, উমর মজিদ ইউপির সভাপতি রেবতি মোহন বর্মণ প্রমুখ।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মামলার প্রধান আসামি আমিনুল ইসলামের (৩২) নেতৃত্বে দুর্বৃত্তরা গত মঙ্গলবার বিকেল চারটার দিকে ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের ওপর হামলা চালিয়ে তাঁর কার্যালয় ভাঙচুর করে। ওই সময় গ্রাম পুলিশের দুই সদস্য চেয়ারম্যানকে রক্ষায় এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁদের ওপরও হামলা চালায়। এ ঘটনায় ওই দিন রাতে রবীন্দ্রনাথ কর্মকার ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ছয়জনের নামে থানায় মামলা করেন।