ইউপি চেয়ারম্যানের খুনিরা দেড় মাসেও গ্রেপ্তার হয়নি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম খান ওরফে রানার হত্যাকাণ্ডের দেড় মাস পেরিয়ে গেলেও খুনিরা গ্রেপ্তার হয়নি।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মজিবুর রহমান ও তাঁর কয়েকজন সহযোগীর সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির প্রতিবাদ করায় মাহবুবুল আলম খানের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। গত ২১ মে বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মাহবুবুল। পৌর শহরের পোদ্দারপট্টির মোড়ে মজিবুরের নেতৃত্বে স্থানীয় ছয়-সাতজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। ওই দিন রাতে স্বজনেরা তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে তাঁকে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে ২২ মে ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মাহবুবুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৫ মে মাহবুবুলের ছোট ভাই এ এইচ এম মাসুদুল আলম খান মজিবুর রহমানসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেন। মোহনগঞ্জ থানার ওসি মো. রমিজুল হক বলেন, ‘ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’