ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে বিধান বিশ্বাসের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার রুলসহ এ আদেশ দেন। রুলে বিধান বিশ্বাসকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, মাদারীপুরের জেলা প্রশাসক, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিধান বিশ্বাসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিধান বিশ্বাসের চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ৯ অক্টোবর রিট আবেদন করেন দীনেশ চন্দ্র বিশ্বাস। গত ৭ মে অনুষ্ঠিত কদমবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রিট আবেদনকারী।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, শ ম রেজাউল করিম ও মো. রিয়াজ উদ্দিন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে আইনজীবী রিয়াজ উদ্দিন খান পরে প্রথম আলোকে বলেন, প্রতারণার এক মামলায় ঢাকা মহানগর হাকিমের আদালত ২০১৪ সালের ২২ মে বিধান বিশ্বাসকে পলাতক ঘোষণা করে। এই মামলায় পলাতক থাকার তথ্যও গোপন করে বিধান বিশ্বাস বেআইনি ভাবে ৭ মে নির্বাচনে অংশ নেন ও নির্বাচিত হন। ২০০৯ সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী পলাতক বা ফেরারি আসামি নির্বাচনে নিতে ও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করতে পারেন না। এসব যুক্তিতে রিটটি করা হয়।