ইউপি চেয়ারম্যানের দোকানে বিদ্যুতের চোরাই তার!
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের সার-কীটনাশকের দোকান থেকে বিদ্যুতের চোরাই তার উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঝিনাইগাতী থানার পুলিশ পাগলারমুখ বাজারে অবস্থিত ইউপি চেয়ারম্যানের ওই দোকানে অভিযান চালিয়ে এসব তার উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মিস্কিন মিয়া (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার পশ্চিম বৈলতৈল গ্রামের মৃত আবদুল খালেদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার-কীটনাশকের দোকানে বিদ্যুতের চোরাই তার আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক মো. তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ওই দোকানে অভিযান চালান। এ সময় পুলিশ দোকানে মজুদ করে রাখা বিদ্যুতের মেইন লাইনের প্লাস্টিকের কভারবিহীন অ্যালুমিনিয়ামের চোরাই তার উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার করা তারের ওজন প্রায় ৩০ কেজি এবং এর আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। এ সময় পুলিশ ওই দোকানে থাকা মিস্কিন মিয়াকে গ্রেপ্তার করে।ঝিনাইগাতী থানার উপপরিদর্শক মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আবদুল খালেক বাদী হয়ে মামলা করেছেন।