ইউপি চেয়ারম্যানের নির্দেশে যুবককে পেটাল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেল চুরির অভিযোগে মো. উৎপল নামের এক যুবকের ওপর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নির্দেশে নির্যাতন চালানো হয়। আর এ অপরাধে ব্যবহার করা হয় স্কুলশিক্ষার্থীদের। এ ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জনপ্রতিনিধি হয়েও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
মুঠোফোনে ধারণ করা ওই ভিডিও চিত্রে দেখা গেছে, যুবকের পরনে লুঙ্গি ও টি-শার্ট। তাঁর চারপাশে ঘিরে আছে মানুষ। পাঞ্জাবি পরা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউপির চেয়ারম্যান মো. সেলিম খান শিশুশিক্ষার্থীদের হাতে লাঠি তুলে দিচ্ছেন। তাঁর নির্দেশে শিক্ষার্থীরা একে একে যুবকটিকে লাঠি দিয়ে আঘাত করছে। একপর্যায়ে যুবকটি মাটিতে লুটিয়ে পড়েন। তারপরও নির্যাতন চলে। চেয়ারম্যান সেলিম খান যুবকের ঊরুর ওপর উঠে দাঁড়ান। তাঁর নির্দেশে যুবকের পায়ের তলায় শিশুশিক্ষার্থীরা লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুকাইবাড়ী ইউপি ভবনের সামনে ৪ আগস্ট দুপুরে নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার উৎপলের বাড়ি একই উপজেলার চিকাজানি ইউপির টাকিমারি গ্রামে। এর আগে চিকাজানি ইউপির বরকতুল্লাহ প্রি-ক্যাডেট হাইস্কুলের বারান্দা থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রের একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও এলাকার কয়েকজন উৎপলকে ধরে আনেন। পরে প্রকাশ্যে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
গত সোমবার জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর এক ছাত্রের সাইকেল চুরি হয়। এ ঘটনায় ওই যুবককে ধরে পেটানো হয়। তিনি বলেন, যুবকটিকে এভাবে পেটানো ঠিক হয়নি।
উৎপলের বাবা মো. বাচ্চু মিয়া বলেন, ‘যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরা খুবই প্রভাবশালী ব্যক্তি। তাই তাঁদের বিরুদ্ধে আমি কিছু বলতে পারব না।’
চুকাইবাড়ী ইউপির চেয়ারম্যান সেলিম বলেন, ‘যুবকটি বাইসাইকেল চুরি করেন। তাঁকে ওই স্কুলের শিক্ষার্থীরাই ধরে আনে। এরপর সেখানে পরিস্থিতি খারাপ হয়। খবর পেয়ে আমি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’ জনপ্রতিনিধি হয়েও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।