ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল কাদের মোক্তারের বিরুদ্ধে সব ইউপি সদস্য একযোগে অনাস্থা জানিয়েছেন। সরকারি অর্থ লুটপাটের অভিযোগে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে তাঁরা এ অনাস্থা প্রকাশ করেন। ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান আবদুল কাদের মোক্তার টিআর ও কাবিখার মালামালসহ পরিষদের বিভিন্ন তহবিলের বিপুল অঙ্কের অর্থ লুটপাট করেছেন। তা ছাড়া তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক সেবন ও বেচাকেনারও অভিযোগ রয়েছে। লিখিত অনাস্থায় স্বাক্ষর করেছেন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিম, ৩ নম্বর ওয়ার্ডের কবির হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের আবদুর রব, ৫ নম্বর ওয়ার্ডের আমির হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের কাজী জহিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের নায়েব আলী, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানসহ সংরক্ষিত আসনের তিন সদস্য হালিমা বেগম, রাবেয়া বেগম ও লায়লা নূর কাজল আক্তার। চেয়ারম্যান আবদুল কাদেরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।