ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রওশন আলীর বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে৷ তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও রয়েছে৷
এ ব্যাপারে ওই ইউপির ১২ জন সদস্য ৯ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত ১২ মে তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন৷
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান রওশন আলী স্থানীয় সরকার শক্তিশালীকরণ প্রকল্প (এলজিএসপি), টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং ভূমি নিবন্ধন থেকে প্রাপ্ত টাকা আত্মসাৎ করেছেন৷ তিনি টাকার বিনিময়ে বিধবা, পঙ্গু ও বয়স্ক ভাতার কার্ড সরবরাহ করেছেন৷ এ ছাড়া তিনি মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত৷
২০১৩-১৪ অর্থবছরে ইউনিয়নের নাওভাঙ্গা পাকা রাস্তার মাথা থেকে ঘাটের আরা হাফিজুরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের কর্মসূচি) শ্রমিকদের দিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু চেয়ারম্যান রওশন আলী একই কাজ কাবিখা প্রকল্পে দেখিয়ে ১৪ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। একই রাস্তায় ২০১২-১৩ অর্থবছরে এলজিএসপির অধীনে পিবিজি প্রকল্পে এক লাখ ৮৭ হাজার টাকার বৃক্ষ রোপণ না করেই পুরো টাকা আত্মসাৎ করেন ওই চেয়ারম্যান।
এ ছাড়া ২০১২-১৩ অর্থবছরে এলজিএসপি প্রকল্পের আওতায় পূর্ব ফতেপুর মাড়াস দাখিল মাদ্রাসার ঘর সংস্কার বাবদ বরাদ্দ এক লাখ টাকার কোনো কাজ না করে ইউপি সদস্য জেকের আলীর স্বাক্ষর জাল করে পুরো টাকাই আত্মসাৎ করেন চেয়ারম্যান। একই প্রকল্পের আওতায় ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে নাওভাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার ঘর মেরামত ও সংস্কার প্রকল্পের বরাদ্দ চার লাখ ৫০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করা হয়।
িবভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপারে চেয়ারম্যান রওশন আলী বলেন, এসব কাজের জন্য ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যদের সভাপতি করা হয়। সেখানে স্বাক্ষর জাল করা বা টাকা-চাল আত্মসাৎ করার প্রশ্নই ওঠে না। বরং তিনি কারাগারে থাকা অবস্থায় ইউপি সদস্যরা ৪০ দিনের কর্মসূচির ভুয়া শ্রমিক দেখিয়ে কয়েক হাজার টাকা আত্মসাৎ করেছেন।
২০১১-১২ অর্থবছরে চেয়ারম্যান উপজেলার ভূমি নিবন্ধন থেকে আয়ের ১ শতাংশ—এক লাখ ৮৫ হাজার টাকা ইউপি সদস্য মকবুল হোসেন ও জামাল হোসেনের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে রওশন আলী জানান, ভূমি নিবন্ধনের টাকা সরাসরি চেয়ারম্যানের ব্যাংক হিসাবে জমা হয়। সেখানে ইউপি সদস্যদের স্বাক্ষর জালের প্রশ্নই ওঠে না।
লিখিত অভিযোগে বলা হয়, চেয়ারম্যান কোনো সভা না ডেকে বা ইউপি সদস্যদের কাছ থেকে তালিকা না নিয়ে প্রত্যেকের কাছ থেকে দু-তিন হাজার টাকা করে নিয়ে ৫৬টি বয়স্ক ভাতা, ২৬টি বিধবা ভাতা এবং সাতটি পঙ্গু ভাতার কার্ড বিতরণ করেন। চেয়ারম্যান রওশন আলী বলেন, এসব তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে ইউপি সদস্যরা দিয়ে থাকেন। টাকা নিলে ইউপি সদস্যরাই নিয়েছেন।
অভিযোগ করা হয়, গত ২৪ এপ্রিল রাতে মাদক কেনাবেচার সময় হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামে রওশন আলী গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়৷ এ বিষয়ে রওশন আলী দাবি করেন, গোয়েন্দা পুলিশ ষড়যন্ত্র করে তাঁকে আটক করে মাদক কেনাবেচার মামলায় জড়িয়ে কারাগারে পাঠিয়েছে৷ তবে তাঁর বিরুদ্ধে মাদকের মামলা হওয়ায় তিনি একটু বিপদে আছেন। এ সুযোগে ইউপি সদস্যরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে তিনি অভিযোগ করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন জানান, অনাস্থার বিষয়ে তদন্ত করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷