ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৬ নম্বর উপাদী (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আশ্রাফ পাটোয়ারীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ২ ফেব্রুয়ারি পরিষদের ১১ জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মর্মে একটি লিখিত অভিযোগনামা পেশ করেন।১১ জন ইউপি সদস্য লিখিত অভিযোগে জানান, গত কোরবানি ঈদের পর সরকারের বরাদ্দকৃত ত্রাণের চাল এক হাজার ৮০০ লোককে দেওয়ার কথা থাকলেও ওই চেয়ারম্যান মাত্র এক হাজার ১০০ ব্যক্তিকে দিয়ে বিতরণ বন্ধ করে দেন। এতে বিভিন্ন ওয়ার্ডের ৭০০ লোক ত্রাণের চাল থেকে বঞ্চিত হন। বাকি ৭০০ জনের চাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ছাড়া সরকারি নিয়মানুসারে এসব চাল জনপ্রতি ১৩ কেজি করে দেওয়ার কথা থাকলেও তিনি তা না মেনে একক সিদ্ধান্তে জনপ্রতি ছয়-সাত কেজি করে দেন।অভিযোগপত্রে তাঁরা আরও জানান, মাসিক ৩০ কেজির কার্ডহোল্ডারদের মধ্যে গম বিতরণের ক্ষেত্রে তিনি কার্ডহোল্ডারদের মাসে ১৮-২০ কেজি করে দেন। এ কাজে তিনি অনিয়ম করেন এবং এ ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করেননি। তাঁরা জানান, সরকারের ৪০ দিনের কর্মসূচির আওতায় রাস্তায় মাটি ভরাটের কাজের ক্ষেত্রেও তিনি শ্রমিকদের টাকা ইউপি সদস্যদের মাধ্যমে না দিয়ে নিজে নিজেই একতরফাভাবে প্রদান করেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান আলী আশ্রাফ পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী সবকিছু করা হয়েছে। এক ইঞ্চিও অনিয়ম হয়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ জানান, ‘অভিযোগের তদন্ত হচ্ছে।’উপজেলা চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারী জানান, ‘আনীত অভিযোগের তদন্তে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তকাজ চলছে।’