কোনো কাজ না করেই বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল সোমবার গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।আদমদীঘি ইউএনওর দপ্তর থেকে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে এলজিএসপি প্রকল্পে উপজেলার ছয়টি ইউনিয়নের জন্য ৭১ লাখ ১২ হাজার ২২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সান্তাহার ইউনিয়নের জন্য ১১ লাখ ৩০ হাজার ৮৪২ টাকা বরাদ্দ করা হয়।এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা গেছে, রাস্তা সংস্কার ও নালা নির্মাণসহ ইউনিয়নে এলজিএসপির আওতায় মোট ১৬টি প্রকল্প বাস্তবায়নের কথা। বেশির ভাগ প্রকল্পের নামমাত্র কাজ করা হয়েছে এবং কোনো কোনো প্রকল্পের একটু কাজও করা হয়নি। সান্তাহার ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ তাঁর অনুগত কয়েকজন সদস্য কোনো কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করেন। ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শতাধিক গ্রামবাসী জেলা প্রশাসক বরাবরে দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন, তাঁদের গ্রামে বুড়ি পুকুর নামের একটি পুকুরের পানি নিষ্কাশনে নালা নির্মাণের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই প্রকল্পে কোনো কাজ না করেই সব টাকা আত্মসাৎ করা হয়েছে। শুধু তাঁদের গ্রামে নয়, চেয়ারম্যন ও তাঁর অনুগত কয়েকজন সদস্য ইউনিয়নের অন্য প্রকল্পগুলোতেও কোনো কাজ না করে সব টাকা আত্মসাৎ করেছেন।ইউনিয়নের তথ্যপ্রযুক্তি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের জন্য ৫০ হাজার টাকা প্রকল্পের কোনো টাকাই খরচ হয়নি বলে ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন জানান।অভিযোগ অস্বীকার করে সান্তাহার ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, কিছু প্রকল্প পরিবর্তন করা হয়েছে এবং সুষুমভাবে সব প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে।এ ব্যাপরে উপজেলা প্রকৌশলী গোলাম মোরশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষযটি তদন্ত করে দেখবেন বলে জানান।