ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল হকের বিরুদ্ধে স্থানীয় সরকার সহায়তা কর্মসূচির (এলজিএসপি) আটটি প্রকল্পের প্রায় সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।চেয়ারম্যান নূরুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য নজু মিয়া ও আরশাফ মিয়া গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রউফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। কমিটি ১৪ নভেম্বর প্রতিবেদন জমা দেয়।তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা প্রকৌশলী কৃষ্ণ চন্দ্র রায় ও মুকলেদুল আলম। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আটটি প্রকল্পের প্রায় সাড়ে ১০ লাখ টাকার কাজ হলেও ইউপি চেয়ারম্যান নূরুল হক সাত লাখ ৬২ হাজার ৯৮৮ টাকার কাজ করেননি। তিনি মাত্র দুই লাখ ৫৭ হাজার ১২ টাকার কাজ করেছেন। বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।ইউএনও মো. সাদেকুর রহমান তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে নূরুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এসব আমার বিরুদ্ধে সাজানো নাটক।’