ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস্কেন্দার আলী খলিফার বিরুদ্ধে প্রকল্পসহ বিভিন্ন খাতের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আ. হক বেপারী গত রোববার ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে দাবি করা হয়, ইউপি চেয়ারম্যান চলতি অর্থবছরে ইউনিয়নের দেওড়া জিসি রোড থেকে চাঁন মিয়া হাজির বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পে আমাকে প্রকল্প সভাপতি এবং তাঁর শ্বশুরকে সচিব দেখান। পরে তিনি গোপনে ওই প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে আমার স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক, ভাঙ্গা শাখা থেকে গত ৫ মার্চ এক লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন। ২০০৯ সালের ৯ ডিসেম্বর আমার স্বাক্ষর জাল করে হাজি বাড়ির মসজিদ থেকে আক্কাছ বেপারীর বাড়ি পর্যন্ত প্রকল্পের রাস্তা নির্মাণের ৭৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এ ছাড়া ইউপির বিভিন্ন খাতের ৩০ লাখ টাকা আত্মসাৎ করেন। আজিমনগর ইউপির সীমানা থেকে আট্টা ভাষড়া ঈমান মাতুব্বরের বাড়ি পর্যন্ত একটি প্রকল্পের ১০ টন গম উত্তোলন করলেও দুই টনের বেশি কাজ করা হয়নি। চলতি বছরের বিশেষ টিআরের ৯ টন গমসহ বিভিন্ন প্রকল্পের ভাউচার বানিয়ে স্বাক্ষর জাল করে ইউপি চেয়ারম্যান প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছেন।এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভূমিমন্ত্রী রেজাউল করিম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান অভিযোগপত্রে সুপারিশ করেছেন। ইউপি চেয়ারম্যান এস্কেন্দার আলী খলিফা বলেন, ‘অভিযোগগুলো সত্য নয়। যে প্রকল্পের কথা বলা হয়েছে, ওই প্রকল্পের প্রকল্প সভাপতি ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য জহুরা খাতুন। ওই ইউপি সদস্য আমাকে জনগণের সামনে হেয় করার জন্য এ গল্প পেতেছেন।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘ইউপি সদস্যের অভিযোগপত্রে তিনজন মন্ত্রী সুপারিশ করেছেন। এ কারণে আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমি অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের এক কর্মকর্তাকে দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’