ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইমামকে নির্যাতনের অভিযোগ
পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে হাফেজ মো. আনিছুর রহমান (৪০) নামের এক ইমামকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, আনিছুর প্রধানমন্ত্রী ও তাঁর নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করায় তাঁকে শাসন করা হয়েছে।
আনিছুর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
আনিছুর রহমানের স্ত্রী মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন বলেন, স্বামী আনিছুর উপজেলার আলাদীপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর জামে মসজিদের পেশ ইমাম। তিনি ইমামতি করার পাশাপাশি চারাগাছের ব্যবসা করেন। আনিছুর শনিবার বিকেলে স্থানীয় মেলাবাড়ী বাজারে গাছের চারা বিক্রি করতে যান। সেখান থেকে ইউপি চেয়ারম্যান মোজাফ্ফরের ছেলে লিমন, ভাতিজা স্বপন, খোকনসহ ১০ থেকে ১২ জনের একটি দল আনিছুরকে অস্ত্রের মুখে ইউপি ভবনে নিয়ে যায়। সেখানে চেয়ারম্যানসহ সবাই মিলে আনিছুরকে লাঠি দিয়ে ও কিলঘুষি-লাথি মেরে বেদম মারধর করেন। খবর পেয়ে তিনি (ফরিদা) ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানসহ সবার হাতে-পায়ে ধরে স্বামীকে ছাড়িয়ে নেন। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি নিয়ে কোনো রকম বাড়াবাড়ি ও মামলা না করার জন্য চেয়ারম্যানের লোকজন নানাভাবে তাঁদের হুমকি দিচ্ছেন। তাঁরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হাসপাতালে আনিছুর রহমান বলেন, স্বপন ও খোকনের সঙ্গে একই ইউনিয়নের শ্রীহরিপুর মৌজার একটি খাসপুকুরের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। চেয়ারম্যান জোর করে পুকুরের দখল নিতে চান। কিন্তু দখল না ছাড়া ও মামলার কারণে তাঁকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের সময় তাঁরা তাঁর পকেটে থাকা গাছের চারা বিক্রির দুই হাজার টাকা কেড়ে নেন। এ ঘটনায় মামলা করবেন না মর্মে চেয়ারম্যান তাঁর কাছ থেকে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নিয়েছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান গতকাল রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আনিছুর বেয়াদব লোক। স্থানীয় মৎস্যজীবীরা সরকারি পুকুরে মাছ চাষ করেন। পুকুরের পাশে একটি ক্লাব আছে। আনিছুর ক্লাবের যুবকদের সামনে প্রধানমন্ত্রীসহ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এ কারণে তাঁকে পরিষদে এনে কিছুটা শাসন করা হয়েছে। পুকুরের মালিকানা নিয়ে বিরোধ বা মামলার সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেই।’ তবে আনিছুরের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, আনিছুর ভবিষ্যতে আর এ ধরনের গালিগালাজ করবেন না মর্মে ওই কাগজে মুচলেকা নেওয়া হয়েছে।