ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও কমিটি গঠন করলেও আজও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, রূপসদী ইউনিয়নের ওই গ্রামের হিরন মিয়ার বাড়ির সামনে থেকে একই গ্রামের ওসমান মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার প্রায় দুই হাজার ৮০০ ফুট পুনঃ মেরামতের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় কাবিখা প্রকল্পের আওতায় ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। রূপসদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ মিয়াকে ওই প্রকল্পের চেয়ারম্যান করা হয়। তিনি গত বছরের ৭ ডিসেম্বর প্রকল্পের কাজ শুরু করে সম্প্রতি শেষ করেন। এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যান নিজের ইচ্ছেমতো নামমাত্র কাজ করে প্রকল্পের চাল আত্মসাত্ করেছেন। এ ব্যাপারে ১৫ মার্চ এলাকাবাসী ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ইউএনও) মহিদুল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন ইউএনও। এ কাজ বাস্তবায়নে পিআইও সংশ্লিষ্ট হওয়া সত্ত্বেও তাঁকে কমিটির প্রধান করায় তদন্তের ভবিষ্যৎ নিয়ে এলাকাবাসী সংশয় প্রকাশ করে। পিআইও মহিদুল আলম দাবি করে বলেন, ‘অন্য যেকোনো জায়গার তুলনায় আমার এলাকায় কাবিখার কাজ ভালো হয়েছে। কোনো অনিয়ম আমার চোখে পড়েনি।’ রূপসদী ইউপির চেয়ারম্যান ফিরোজ মিয়া বলেন, ‘কে কি বলল, তাতে আমার কিছু যায় আসে না। কাজ ভালোই করেছি। আমি চাল আত্মসাত্ করিনি।’ ইউএনও শোয়াইব আহমাদ খান বলেন, এলাকাবাসী সংশয় প্রকাশ করায় পিআইও মহিদুল আলমের পরিবর্তে উপজেলা প্রকৌশলী খোরশেদ আলমকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। ৫ এপ্রিল খোরশেদ আলমকে ওই কমিটির প্রধান করা হয়। তদন্ত কমিটিকে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।