ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকার পাঁচ ব্যক্তির ৩৪ দশমিক ৮৩ শতাংশ জমি জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা ওই অভিযোগ করেন।
নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা (৫৫) ওই ইউনিয়নের নওপাড়া বাজার এলাকার মুক্তিযোদ্ধা আলাউদ্দীন আল আজাদের ১৩ শতাংশ, প্রতিবন্ধী শওকত আক্তারের নয় শতাংশ, চাকরিজীবী আবদুর রাজ্জাক মুন্সীর সাত শতাংশ, কাদেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইনুল আক্তারের ৪ দশমিক ৫ শতাংশ এবং পল্লি চিকিৎসক কামাল হোসেনের ১ দশমিক ৩৩ শতাংশ জমিসহ মোট ৩৪ দশমিক ৮৩ শতাংশ জমি জবরদখল করে রেখেছেন।
আলাউদ্দীন আল আজাদ বলেন, ‘এক মাস আগে ইউপি চেয়ারম্যান বাজারে আমার জমিতে জোর করে ছাপরাঘর নির্মাণ করে জবরদখল করেছেন।’ শওকত আক্তার বলেন, ‘চেয়ারম্যান বাজারে আমার জায়গা দখল করেই ক্ষান্ত হননি, তিনি তাঁর পেটোয়া বাহিনী দিয়ে আমাকে ওই বাজারে ঢুকতে দেন না।’
আবদুর রাজ্জাক মুন্সী বলেন, ‘নওপাড়া পাট বাজারে আমার সাত শতাংশ জমি দখল করে চেয়ারম্যান একটি পাটের গোডাউন নির্মাণ করেছেন।’ আইনুল আক্তার বলেন, ‘নওপাড়া বাজারে আমার কেনা ৪ দশমিক ৫ শতাংশ জমি চেয়ারম্যান দখল করে নিয়েছেন।’
পল্লি চিকিৎসক কামাল হোসেন বলেন, ‘বাজারে আমার জায়গা চেয়ারম্যানের ভাই মাহবুব মোল্লা দখল করেন। বর্তমানে চেয়ারম্যান সেখানে একটি মার্কেট নির্মাণ করছেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওপাড়া বাজারের ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বাসার মিয়া প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তাঁর দাপটে পাঁচজনের কেউ প্রতিরোধ করতে পারেননি।
তবে বাজার কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, বাজারে চেয়ারম্যান ও তাঁর পরিবারের অনেক সম্পত্তি রয়েছে। কিছু জায়গা নিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে চেয়ারম্যানের বিরোধ রয়েছে। আলাপ-আলোচনা করে এ বিরোধ মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যাঁরা কথা বলেছেন তাঁদের কারও সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তাঁরা বিভিন্ন সময় ভেজাল জমি কিনে সমস্যায় পড়েছেন।’