ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সদস্যদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দাকোপ উপজেলার ৭ নম্বর তিলডাংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ জন সদস্য দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণের জন্য গত বৃহস্পতিবার তাঁরা দাকোপ প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ দেন।
ওই অভিযোগপত্রে তিলডাংগা ইউপির সব সদস্য সই করেছেন। এতে উল্লেখ করা হয়, চেয়ারম্যান রণজিৎ কুমার মণ্ডল ইউপি সদস্যদের কোনো কাজ দেন না এবং মূল্যায়ন করেন না। নির্বাচনের আট মাস পার হলেও এখন পর্যন্ত ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়নি। চেয়ারম্যানের অনুসারীরা ইউপি সদস্যদের একাধিকবার অপমান-অপদস্থ করেছেন। মাসিক সভা না করে, প্রতিবেদন না লিখে তাঁদের স্বাক্ষর করতে বলা হয়। কোন খাতে কী বরাদ্দ আসে, তা জানানো হয় না।
রণজিৎ কুমার মণ্ডল বলেন, ‘এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট।’