ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই করার ঘটনাকে কেন্দ্র করে সোনার বাংলা কলেজে হামলা চালানোর অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় ওই ইউপির বর্তমান চেয়ারম্যানকেও আসামি করা হয়েছে।
কলেজে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
মামলার বাদী সোনার বাংলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন। গত শুক্রবার গভীর রাতে ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ মামলার এক আসামি বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু তাহের (৪০) ও চেয়ারম্যান বিল্লালের অনুসারী তারেক হোসেন ওরফে ঢাকাইয়া তারেককে গ্রেপ্তার করেছে। তারেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার ৪ নম্বর ষোলনল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলের ভোটাভুটিতে পরাজিত হন বিল্লাল হোসেন। তাঁর পরাজয়ের পেছনে সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. আবু ছালেক জড়িত রয়েছেন, এমন ধারণা নিয়ে সন্ধ্যায় বিল্লাল হোসেন দলবলসহ কলেজে হামলা চালান। এ সময় কলেজ ভবনের ৩২টি জানালা, তিনটি দরজা ও কলেজের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় গতকাল দুপুর ১২টায় শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে মানববন্ধন করেছে। এতে কলেজের আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আবু ছালেক বলেন, ‘চেয়ারম্যান বিল্লাল হোসেনের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। অনৈতিক সুবিধা না পেয়ে বিভিন্ন সময়ে উল্টো কলেজের বিরুদ্ধে তিনি অবস্থান নেন। দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হোক।’
এ বিষয়ে ষোলনল বিল্লাল হোসেনের মুঠোফোনে গতকাল বিকেল সোয়া চারটায় অন্তত আটবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা গা-ঢাকা দিয়েছে।’