ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি মিথ্যা বলে দাবি করেছে তাঁর পরিবার।

গতকাল মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউপি চেয়ারম্যানের স্ত্রী শাহানুর বেগম। তিনি বলেন, ‘আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি গত নির্বাচনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার সব ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে এলাকার একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসেবে ওই নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করেছেন। আমি ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

মুঠোফোনে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার ওই তরুণী এখনো সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটির তদন্ত চলছে। চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা পলাতক। তবে তাঁদের খুব শিগগির গ্রেপ্তার করা হবে।

এদিকে জানতে চাইলে বাগেরহাট-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নেবে না। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৩০ আগস্ট রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নের একটি বাগানে নিয়ে ওই তরুণীকে (২৪) ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। রাতেই পুলিশ তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন বাগেরহাট মডেল থানায় ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়।