ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বনায়নের গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সামাজিক বনায়নের অপরিপক্ব গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগ ও উপকারভোগীদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ইউনিয়নের আজমনগর গ্রামের দৌলত বিবি সড়কের নয়টি গাছ কেটে ফেলেছেন চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া।এ ছাড়া চেয়ারম্যান ইফতেখার ইউনিয়ন পরিষদের প্যাডে সড়কের শতাধিক গাছ কাটার একটি অনুমতিপত্র দিয়েছেন শাহরিয়ার চৌধুরী নামে তাঁর এক অনুগত ব্যক্তিকে, যা বন বিভাগ অবৈধ বলে দাবি করেছে।গত সোমবার এ ঘটনা ঘটে। ওই দিন আজমনগর গ্রামের বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ গাছগুলো উদ্ধার করে। এ ঘটনা গ্রামবাসী মিরসরাই উপজেলা উপকূলীয় বন বিভাগকে জানালেও গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন বিভাগের লোকজন ঘটনাস্থলে যাননি। গতকাল চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন জানান, বিষয়টি তিনি জানেন না। ঘটনা সত্য হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে একজন ইউপি চেয়ারম্যান গাছ কাটার কোনো অনুমতিপত্র দিতে পারেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এটা কখনোই সম্ভব নয়। এটা বন বিভাগের কাজ।জানা গেছে, ২০০১ সালে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের এক কিলোমিটার সড়কে সামাজিক বনায়নের আওতায় ১৫ জন উপকারভোগী গাছ লাগান।গত সোমবার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের প্যাডে গাছ কাটার একটি অনুমতিপত্র দিয়ে কিছু লোককে গাছ কাটতে পাঠান। এ সময় গ্রামবাসী গাছ কাটতে বাধা দিলে তারা গ্রামবাসীকে চেয়ারম্যানের অনুমতিপত্র দেখিয়ে জোরপূর্বক নয়টি গাছ কেটে ফেলে। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসান ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছগুলো উদ্ধার করেন।এ প্রসঙ্গে ইফতেখার উদ্দিন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে এক যুবককে গাছ কাটার অনুমতিপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘রাস্তার অনেক গাছ চুরি হয়ে গেছে, তাই গ্রামবাসীর অনুরোধে আমি গাছগুলো কাটার অনুমতি দিয়েছি।’ বন বিভাগের বা অংশীদারি বনায়নের গাছ ইউনিয়ন পরিষদের কাটার বৈধতা আছে কি না জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘তা আমি জানি না।’