ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বেড়িবাঁধ কাটার অভিযোগ
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মুফিদুল আলমের বিরুদ্ধে বেড়িবাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে চাকমারকুল ও ফতেখাঁরকুল ইউনিয়নের ২০টি গ্রাম এ পর্যন্ত চারবার প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী গত বুধবার রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি পাশের ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় মালেকুজ্জামান ও তাঁর স্বজনেরা নিজেদের খতিয়ানভুক্ত জমির ওপর বাঁধ দেন। এ বাঁধ নিয়ে তাঁদের সঙ্গে ইউপি চেয়ারম্যানের বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে ১৭ জুলাই রাতে ওই চেয়ারম্যান মিস্ত্রিপাড়া এলাকার দুটি বেড়িবাঁধ কেটে দেন। এতে চাকমারকুল ও ফতেখাঁরকুল ইউনিয়নের ২০টি গ্রাম চারবার প্লাবিত হয়। পানিতে তলিয়ে যায় প্রায় ৩০০ একর আমন ধানের খেত, ৫০টি পুকুর ও মাছের খামার, ১০টি মুরগির খামার। তিনবার পানিতে তলিয়ে ভেঙে যায় তেচ্ছিপুল-লম্বরিপাড়া সড়ক। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে নদীতে পানি বাড়লেই গ্রামগুলো প্লাবিত হয়। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় এলাকার প্রায় এক হাজার পরিবারকে।এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান নিজের লোকজন দিয়ে বাঁধ কাটিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের নাটক সাজান এবং পরে বাঁধ নির্মাণের নামে লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করেন। প্রায় এক মাস আগে বেড়িবাঁধ তৈরির কাজ শুরু করা হয়। কিন্তু এখনো তা সম্পন্ন করা হয়নি। বর্তমানে বাঁধ তৈরির কাজ বন্ধ আছে।স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বেড়িবাঁধ কেটে দেওয়ার খবর পেয়ে রাতেই তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে মিস্ত্রিপাড়ায় যান। সেখানে দেখেন, চেয়ারম্যান মুফিদুল আলম নিজেই শতাধিক লোকজন নিয়ে বাঁধ কাটছেন। বাঁধ কাটায় তাঁর মুরগির খামারের ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। বাঁধ কাটার অভিযোগ অস্বীকার করে চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। মূলত বাঁকখালী নদীর তীর থেকে মাটি কাটার কারণে পানি ঢুকে বেড়িবাঁধ দুটি ভেঙে যায়।’ বাঁধ নির্মাণের নামে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, স্বেচ্ছাশ্রমে বাঁধ দুটি তৈরির কাজ শুরু করা হলেও পরে এলাকাবাসী সহযোগিতা না করায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে বাঁধ তৈরি করা হয়। কিন্তু বন্যার পানিতে তা আবার ভেঙে যায়। ওই টাকার চার লাখেরও বেশি টাকা তাঁর ব্যক্তিগত তহবিলের বলে তিনি দাবি করেন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক এলাকাবাসীর লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গত ১৬ আগস্ট থেকে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে প্রায় ১৭০ ফুট দৈর্ঘ্যের পৃথক বাঁধ নির্মাণের কাজ শুরু করে। কাজ তদারকি করেন ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম। ২০ আগস্ট প্রথম আলোর বিশাল বাংলায় ‘স্বেচ্ছাশ্রমে চলছে বাঁধ তৈরি, বরাদ্দের আশায় বসে নেই ওরা’ শিরোনামে সংবাদ ছাপা হয়।