ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য আছারুন বেগমকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আছারুন বেগম গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চেয়ারম্যান তাহিদ মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগপত্রে আছারুন বেগম উল্লেখ করেছেন, ১৫ অক্টোবর চেয়ারম্যান তাহিদ মিয়ার বাড়িতে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আছারুন বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি উপজেলার সদুরগাঁও গ্রামের দুই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ছবি সংযুক্ত করে উপজেলা বিআরডিবি কার্যালয় থেকে ঋণ বাবদ ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। অভিযোগ অস্বীকার করলে উপস্থিত সবার সামনে আছারুনকে দোররা মারার কথা বলেন চেয়ারম্যানের চাচাতো ভাই সোনা মিয়া। আছারুন এর প্রতিবাদ করলে তাহিদ মিয়া তাঁকে গালিগালাজ করেন এবং সদস্যপদ বাতিল করার হুমকি দেন। ২৪ অক্টোবর তাহিদ মিয়া ইউপির অন্য সদস্যদের সামনে তাঁকে দ্বিতীয় দফা লাঞ্ছিত করেন।