ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ
অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন হয়েছে। ইউপির সাত সদস্য এতে নেতৃত্ব দেন। গতকাল বুধবার শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় এ কর্মসূচি হয়।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই মানববন্ধন চলে। এ সময় বক্তব্য দেন ইউপিটির সদস্য আলী আকবর, হানিফ উদ্দিন, শাহিন মিয়া ও আক্তার হোসেন। তাঁরা দ্রুত নুরুল আমীনকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। পরে এলাকাবাসী চেয়ারম্যান নুরুল আমীনের কুশপুত্তলিকা দাহ করেন।
এর আগে ২৪ ফেব্রুয়ারিসহ বিভিন্ন সময় চেয়ারম্যান নুরুল আমীনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ইউপি সদস্যরা। এতে তাঁর বিরুদ্ধে ১৮টি অনিয়মের অভিযোগ আনা হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল আমীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘুষের বিনিময়ে পরিষদের বিভিন্ন পদে লোক নিয়োগ করেন। তিনি ইউপির করের দেড় লাখ ও জন্মনিবন্ধনের দুই লাখ টাকা আত্মসাৎ করেন। তিনি ট্রেড লাইসেন্স দিয়ে অতিরিক্ত টাকা আদায়, মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরণ ও ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়ম, ভিজিএফের দুই টন চাল আত্মসাৎ এবং চার হাজার করে টাকা নিয়ে ২৩৩টি ভিজিডি কার্ড বিতরণ করেছেন।
সরকারি ভবন থাকা সত্ত্বেও তিনি বাড়িতে অস্থায়ী কার্যালয় স্থাপন করে পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে ইউনিয়নবাসী দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে চেয়ারম্যান নুরুল আমীন প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সুনাম ক্ষুণ্ন জন্য একটি প্রভাবশালী চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।