ঈদুল আজহার ভিজিএফের চাল (খয়রাতি চাল) আত্মসাতের অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহামদের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমের তদারককারী কর্মকর্তা (ট্যাগ অফিসার) জাহেদুল আলম গতকাল বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। ওই মামলায় আলী আহমদের ছেলে আরাফাতকেও অভিযুক্ত করা হয়েছে।
জাহেদুল আলম জানান, ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ব্যক্তিদের মধ্যে খয়রাতি হিসেবে বিতরণের জন্য ওই ইউনিয়নে ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এক হাজার ৭০০ পরিবারের মধ্যে গত বুধবার ওই চাল বিতরণ করার কথা ছিল। বিতরণের আগে গুদামের মজুত যাচাই করে ৪৯৫ কেজি চাল কম পাওয়া যায়। ওই সময় ঘটনা টের পেয়ে আলী আহমদ গা ঢাকা দেন। এতে করে বুধবার সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করে গতকাল ওই ঘটনায় মামলা করা হয়।
ইউএনও মো. আবদুল আওয়াল বলেন, মানবিক দিক বিবেচনা করে গতকাল অবশিষ্ট চাল বিতরণ করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।