ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষ থেকে ভিজিএফের ১০০ বস্তা গম জব্দ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গণি ও সহকারী কমিশনার (ভূমি) মুনিম লিংকন এই গম জব্দ করেন।
এ ঘটনায় ইউপি সচিব অসিম কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দারের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঈদুল ফিতরের আগে অতিদরিদ্র ব্যক্তিদের জন্য সরকার ওই গম বরাদ্দ দেয়। ওই ইউপিকে দেওয়া হয় ২০ দশমিক ৩২৯ মেট্রিক টন গম। ১৫৩২টি কার্ডের বিপরীতে এই গম বিতরণ করার কথা ছিল। কিন্তু ইউপি চেয়ারম্যান তা থেকে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা গম রেখে দেন। খবর পেয়ে ওই গম উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী তারেক খন্দকার বাদী হয়ে এ মামলা করেছেন।