কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার নিকলী থানায় ওই ইউপির এক নারী সদস্য চেয়ারম্যানসহ দুজনকে আসামি করে মামলাটি করেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এক নারী ইউপি সদস্য ভিজিডির চাল কীভাবে, কখন বিতরণ করতে হবে— সে ব্যাপারে পরামর্শ করতে চেয়ারম্যানের কক্ষে যান। এ সময় সেখানে অবস্থানরত ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুস আলী বের হয়ে বারান্দায় চলে যান এবং বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। চেয়ারম্যান রইস উদ্দিন কথাবার্তার একপর্যায়ে নারী ইউপি সদস্যকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকারে পাশের কক্ষে থাকা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য নূরুন্নাহারসহ কয়েকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। চেয়ারম্যান দ্রুত তাঁর কার্যালয় থেকে চলে যান। অভিযোগ অস্বীকার করে রইস উদ্দিন বলেন, ‘এটি আমার বিরুদ্ধে সাজানো নাটক। শনিবার দুই নারী সদস্যের সঙ্গে এলজিএসপি প্রকল্পের নলকূপের কাজ নিয়ে আমার তর্ক হয়। এর জের ধরে ওই নারী কল্পকাহিনী সাজিয়ে থানায় গেছেন।’মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনার তদন্ত চলছে।