ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামানকে লাঞ্ছিত করার প্রতিবাদে কাঁঠালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহরাব হোসেনের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। জেলা প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, ফাংশনাল সার্ভিস ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের যৌথ আয়োজনে গতকাল বেলা দুইটার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে আধা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। কর্মসূচিতে এসব সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস, জেলা কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক এনামুল হক, বিএমএর সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা আবু শাহ ইমাম জাফর সাদেক, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি নাজমূল হুদা প্রমুখ।
সোহরাবের আইনজীবী মোজাফ্ফর হোসেন বলেন, গত বুধবার তাঁকে মুখ্য বিচারিক হাকিম আমলি আদালত-২ এ হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে জামিন আবেদন করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা আক্তার গতকাল শুনািনর দিন ধার্য করেন। গতকাল শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত সরকারের বোরো ধান সংগ্রহ অভিযানে উপজেলার কাঁঠালী ইউনিয়নে কৃষকদের নামের তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান সোহরাব গত রোববার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামানকে লাঞ্ছিত করেন।