ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের তিনটি সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান আহম্মেদের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা বেলাল উদ্দিন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রামানন্দ খাজুরা ইউপির চেয়ারম্যান সুলতান আহম্মেদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের তিনটি সরকারি গাছ কেটে নিয়ে যান। শ্রমিকদের দিয়ে গাছগুলো কাটানোর পর সেদিন রাতেই তা সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে বেলাল উদ্দিন গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ব্যাপারে ইউএনও সালমা খাতুনের কাছে লিখিত অভিযোগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন কাঠ ব্যবসায়ী জানান, কেটে নেওয়া তিনটি গাছের মূল্য ৩০ হাজার টাকা হতে পারে। চেয়ারম্যান সরকারদলীয় প্রভাবশালী লোক হওয়ায় এ ঘটনায় কেউ বাধা দেননি বলেও তিনি জানান।
গাছ কাটার কথা অস্বীকার করে সুলতান আহম্মেদ বলেন, ‘এটা নিছক আমার বিরুদ্ধে অপপ্রচার। এ ছাড়া গাছগুলো ওই স্বাস্থ্যকেন্দ্রের মালিকানাধীন কি না, তাও জরিপ করে দেখার দরকার আছে।’ অভিযোগ দায়েরের ব্যাপারে তিনি বলেন, ‘অভিযোগ তদন্ত করলেই জানা যাবে— প্রকৃত ঘটনা কী।’
ইউএনও সালমা খাতুন বলেন, এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।