ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে গত বুধবার রাতে তেঁতুলিয়া থানায় এ মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান ইউনিয়নের বিভিন্ন সড়কে রোপণ করা শতাধিক গাছ অবৈধভাবে কাটিয়ে বিক্রি করেন। ৩ সেপ্টেম্বর কাঠ নিয়ে যাওয়ার সময় ইউপি সচিব নয়ন উদ্দীন তা দেখে ফেলেন। তিনি কিছু গাছ জব্দ করে ইউপি কার্যালয়ে জমা রাখেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে ভূমি সহকারী কর্মকর্তা জহুরুল হক এই মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড আসাদুজ্জামান মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ছাড়াও তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন: রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস) ফেডারেশনের চেয়ারম্যান নেজামউদ্দিন, এই সংস্থার সাবেক চেয়ারম্যান আজিজার রহমান ও গ্রাম পুলিশের সদস্য মনসুর আলী।
চেয়ারম্যান কামরুজ্জামানের বিরুদ্ধে বুধবার আরেকটি মামলা হয়েছে। ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে মামলাটি হয়।