ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী ইমরান হোসেনের বিরুদ্ধে সরকারি বরাদ্দ ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে ইউপি সদস্য রবিউল্লাহ আল মামুন বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামের আদালতে অভিযোগ দায়ের করেন।আদালত অভিযোগ গ্রহণ করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে গাজী ইমরান হোসেন ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় না করে সরকারি অর্থ আত্মসাৎ করে আসছেন। গত বছর উপজেলা ভূমি অফিস (এসআর অফিস) থেকে ইউনিয়নের উন্নয়নকাজের জন্য বরাদ্দ করা ছয় লাখ ৯০ হাজার টাকা তিনি আত্মসাৎ করেন। এ ছাড়া গত জানুয়ারিতে তিন লাখ ৫০ হাজার টাকা, ফেব্রুয়ারিতে ছয় লাখ টাকা, মে মাসে চার লাখ ৫০ হাজার টাকা ও জুলাই মাসে চার লাখ টাকা ইউনিয়নের উন্নয়নকাজে বরাদ্দ করা অর্থও আত্মসাৎ করেন চেয়ারম্যান ইমরান।এতে আরও বলা হয়, গত মঙ্গলবার ইউপি কার্যালয়ে চেয়ারম্যান ইমরানের কাছে ইউপি সদস্যরা সরকারি অর্থ ব্যয়ের হিসাব জানতে চান। কিন্তু চেয়ারম্যান এতে অস্বীকৃতি জানান। হিসাব চাওয়ার এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন বুধবার রাতে ইউপি সদস্য জসীম উদ্দিনকে আজকিতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যানের একদল সমর্থক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত জসীম নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।গতকাল ইউপি চেয়ারম্যান গাজী ইমরানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়। শিবপুর মডেল থানার ওসি বেলায়েত হোসেন বলেন, কুপিয়ে আহত করার ঘটনায় গত শুক্রবার মামলা করা হয়। শুনেছি, আসামিরা আজ (গতকাল) আদালত আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।’