ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০টি সরকারি গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত-ই-খুদার বিরুদ্ধে ৩০টি সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত রোববার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে।প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ থেকে উত্তর কাশিমগঞ্জ পর্যন্ত সড়কের ৩০টি কাঁঠাল ও মেহগনিগাছ কেটে নিয়ে গেছেন। এসব গাছের দাম প্রায় পাঁচ লাখ টাকা। গাছগুলো কেটে চিরাইয়ের জন্য তেঁতুলিয়ার রহমতের স’ মিল, শালবাহানের স’ মিলসহ বিভিন্ন স্থানে নিয়ে গেছেন।ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গাছ পরিচর্যাকারী আরডিআরএস ফেডারেশনের লোকজন এসব গাছ কেটেছে। ৫০ হাজার টাকার কাঠ কিনেছি, এটাই আমার অপরাধ।’ ফেডারেশনের চেয়ারম্যান মো. রমজান আলী বলেন, ‘ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা তাঁর লোকজন দিয়ে এসব গাছ কেটে দুটি ট্রলিতে করে নিয়ে গেছেন।’এলাকাবাসীর পক্ষে মো. নায়বুল ইসলাম জানান, তিনি বিষয়টি তেঁতুলিয়া থানায় অবহিত করলে পুলিশ বিভিন্ন স্থান থেকে কিছু গাছ জব্দ করেছে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ করেছেন। তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক বলেন, ‘সরকারি দলের নেতা হওয়ায় সরকারি গাছ কাটার পরও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহমতের স’ মিল ও শালবাহানের স’ মিল থেকে কাটা গাছের কিছু গুঁড়ি জব্দ করা হয়েছে। তবে কোনো মামলা হয়নি। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয় সিন্ধু তালুকদার বলেন, ‘বনের বিট কর্মকর্তা কামাল পাশাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।