ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচনী ব্যয় বাবদ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত খরচ বাবদ প্রত্যেক প্রার্থী আরও ৫০ হাজার টাকা খরচ করতে পারবেন। পাশাপাশি ইউপি সদস্য পদপ্রার্থীরা নির্বাচনী ব্যয় বাবদ এক লাখ টাকা এবং ব্যক্তিগত খরচ বাবদ ১০ হাজার টাকা ব্যয় করতে পারবেন।‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন’ বিধিমালায় এই বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশন ১৬ আগস্ট এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। এর আগে ইউপি নির্বাচন পরিচালনার জন্য বিধি ছিল না।বিধিমালায় বলা হয়েছে, প্রত্যেক প্রার্থীকে তাঁর নির্বাচনের জন্য মনোনয়নপত্রের সঙ্গে সম্ভাব্য ব্যয়, ব্যয়ের খাত এবং ব্যয়ের উেসর বিবরণ জমা দিতে হবে। আর প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীকে নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হবে। নির্বাচনী ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীকে নির্বাচনী ব্যয়ের বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা সেই হিসাব এক বছর পর্যন্ত সংরক্ষণ করবেন।বিধিতে আরও বলা হয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনাল কোনো দরখাস্ত পাওয়ার ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করবেন। ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ যেকোনো ব্যক্তি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আপিল ট্রাইব্যুনাল আবেদন পাওয়ার ১২০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করবেন।এ ছাড়া নির্বাচনী অপরাধের জন্য ছয় মাস থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ইউপি নির্বাচন আইনকে ভ্রাম্যমাণ আদালত আইনের তফসিলভুক্ত করায় ভ্রাম্যমাণ আদালত ফৌজদারি কার্যবিধির অধীন কিছু নির্বাচনী অপরাধ আমলে নিয়ে অপরাধের তাত্ক্ষণিক ও সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।