ইউপি চেয়ারম্যানের হাতে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধানের হাতে গতকাল মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া বাঁধ এলাকা পরিদর্শনে গতকাল সকালে সেখানে যান পিআইও আবুল কালাম আজাদ। এ সময় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ সেখানে উপস্থিত ছিলেন। তিনি বিধিবহির্ভূত উপায়ে ওই বাঁধ মেরামতের প্রস্তাব দেন পিআইওকে। এতে অস্বীকৃতি জানালে পিআইওর সঙ্গে আবদুল লতিফের বাকিবতণ্ডা হয়। একপর্যায়ে পিআইওকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন আবদুল লতিফ। পরে উপস্থিত লোকজন পিআইওকে উদ্ধার করে গোবিন্দগঞ্জে পৌঁছে দেন। এ ঘটনায় গতকাল গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিআইও আবুল কালাম আজাদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, পরবর্তী সময় এ ধরনের ঘটনা ঘটলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে পিআইওকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে আবদুল লতিফ বলেন, তাঁর সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। তবে লাঞ্ছিত করা হয়নি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।