ইউপি চেয়ারম্যানের 'দুর্নীতি'র প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লার বিরুদ্ধে ‘প্রকল্পের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি’র প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে।
বেলা একটার দিকে গাজনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাউজানা আশাপুর জয়নাল খানের বাড়ির সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেন। এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য আবদুর রশিদ, মো. হেলালউদ্দিন, বাদশা শেখ ও আমজাদ শেখ।
ইউপি সদস্য আবদুর রশিদ অভিযোগ করেন, চেয়ারম্যান সরকারি নিয়মনীতি উপেক্ষা করে পরিষদের সদস্যদের মতামত ছাড়াই সব কার্যক্রম পরিচালনা করেন। গত অর্থবছরে কাবিটা ও টিআর প্রকল্পের অধীন ধোপাগাতী সামাদের বাড়ি থেকে ইয়াকুবের বাড়ি পর্যন্ত রাস্তা, নওপাড়া রেলগেট থেকে জামে মসজিদ পর্যন্ত রাস্তা এবং নওপাড়া রাস্তা সংস্কার প্রকল্পে কাজ না করেই সব অর্থ চেয়ারম্যান আত্মসাৎ করেছেন।