ইউপি তথ্যসেবা কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যসেবা কেন্দ্রটি পাঁচ দিন ধরে বন্ধ। এতে করে লোকজন তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চেয়ারম্যান হাবিব উল্লাহ সেখানে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ইউপি সচিব বজল আহমদ জানান, চেয়ারম্যান হাবিব উল্লাহ দীর্ঘদিন ধরে ইউপি কার্যালয় বাদ দিয়ে নিজ বাড়ির পার্শ্ববর্তী মাথাভাঙ্গা এলাকায় অস্থায়ী কর্যালয় বানিয়ে কাজ করছেন। তাঁকেও নথিপত্র নিয়ে সেখানে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন তিনি। কিন্তু এতে রাজি না হওয়ায় চেয়ারম্যান গত শনিবার বিকেল তিনটার দিকে ইউপি কার্যালয়ের তথ্যসেবা কেন্দ্র, সচিব ও নারী সদস্যদের কক্ষগুলো তালাবদ্ধ করে চলে যান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।তথ্যসেবা কেন্দ্রের অপারেটর ছফুরা খাতুন বলেন, পাঁচ দিন ধরে কেন্দ্রটি তালাবদ্ধ থাকায় তথ্য নিতে আসা মানুষকে বঞ্চিত হয়ে ফিরে যেতে হচ্ছে। তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা হামিদ হোসাইন ও আবু বক্কর জানান, তাঁরা দরখাস্ত লিখিয়ে নিতে এসে পরিষদ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছেন।টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দীন জানান, চেয়ারম্যান হাবিব উল্লাহকে তালাবদ্ধ কক্ষগুলো খুলে দিতে বলা হয়েছে। কিন্তু তিনি এতে কর্ণপাত করছেন না। এ ঘটনায় চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ইউপির সাবেক নারী সদস্য হাতু বেগম অভিযোগ করেন, চেয়ারম্যান হাবিব উল্লাহ অধিকাংশ সময়ই অনুপস্থিত থাকেন। হঠাৎ করে সেদিন পরিষদে এসে কয়েকটি কক্ষ তালাবদ্ধ করে চলে যান। এতে এলাকার প্রায় ৪০ হাজার মানুষ তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।চেয়ারম্যান হাবিব উল্লাহ তালা ঝুলিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি উল্টো অভিযোগ করেন, ‘ইউপি সচিব প্রায়ই অনুপস্থিত থাকেন। এ ছাড়া লোকজনকে হয়রানি করে সচিব মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। তার এ কাজ বন্ধ করতেই বিভিন্ন কক্ষ তালাবদ্ধ করেছি।’