ইউপি থেকে উপজেলা আবার ইউপি নির্বাচনে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি ইউপির মধ্যে উজানচর ও ছোটভাকলায় ২৩ এপ্রিল ভোট হতে যাচ্ছে।
এর মধ্যে ছোটভাকলায় বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী মিয়া ছয়বার ইউপি ও একবার উপজেলা পরিষদ নির্বাচন করে আবার ইউপি নির্বাচন করছেন।
উজানচরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ফকির ও আজাহার ব্যাপারী নির্বাচনে লড়ছেন। ছোটভাকলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন এবং বিএনপির প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আলী মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোহাম্মদ আলী মিয়া পেশায় কৃষক। এর আগে তিনি সাতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুবার চেয়ারম্যান হন। ১৯৮২ সালে তিনি প্রথমবার ইউপি চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৮৭ সালে নির্বাচন করেও তিনি হেরে যান। তৃতীয়বার ১৯৯২ সালে ৫৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফাকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০২ সালে গোলাম মোস্তফাকে ৭০০ ভোটের ব্যবধানে পরাজিত করে আবার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের মার্চে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় সাত হাজার ভোটে হেরে যান।
মোহাম্মদ আলী মিয়া বলেন, ভোটারদের চাহিদার কারণে তিনি এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।