ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হবে: জাবেদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি মডেল নির্বাচন হবে। নির্বাচন কর্মকর্তা নিয়োগে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই দলীয় পরিচয় আছে এমন কাউকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া যাবে না। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান শাস্তি নিশ্চিত করতে হবে। 

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালে বিভাগীয় প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় এসব কথা বলেন মো. জাবেদ আলী। আজ শনিবার নগরের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. জাবেদ আলী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ। এখানে সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন। প্রার্থী এবং কিছু সমর্থক নির্বাচনী আচরণবিধি না মানার কারণে সমস্যা হয়। এর সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রকাশ্যে দলের পক্ষে কাজ করার মানসিকতা দেখা যায়। এগুলো কাটিয়ে উঠতে হবে। প্রতি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মীরা থাকবেন। তাঁরাই সুষ্ঠু নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবেন।
মো. জাবেদ আলী আরও বলেন, ‘সরকারি দলকে পুলিশ সহযোগিতা দেয়, এই ধারণা সরকারি দলের প্রার্থীদের মধ্যে রয়েছে। এ ব্যাপারে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। দলীয়ভাবে নির্বাচন হলেও আমরা ডানে-বায়ে কিছু দেখব না। আইনে যা বলা আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
পর্যালোচনা সভায় ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ও বিচারিক হাকিম, পুলিশ, বিজিবি বা অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয়হীনতার বিষয় তুলে ধরা হয়। এ ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে নির্বাচনের সময় ব্যক্তিগত অস্ত্র নিয়ন্ত্রণ করা, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কে ব্যবস্থা নেবে, সেসব বিষয়ে ধারণা দেওয়া হয়।
পর্যালোচনা সভায় বরিশালের ডিআইজি মো. হুমায়ূন কবির বলেন, এক দিনে ২৬১টি ইউনিয়নে নির্বাচন হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৭ হাজার ৪৪৫ জন সদস্য প্রয়োজন। অথচ সদস্য আছে মাত্র তিন হাজার ৮৮ জন। বাকিদের অন্য অঞ্চল থেকে আনতে হবে। এক ধাপে এত ইউনিয়নে নির্বাচন হলে অঘটন ঘটার আশঙ্কা থেকে যায়। এতে করে অনেক কেন্দ্রের ভোট বন্ধ হয়ে যেতে পারে। ইউনিয়নের সংখ্যা কমিয়ে দুই ধাপে নির্বাচন হলে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাজাহান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. লুৎফর রহমান মণ্ডল, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ, বরিশালে ছয় জেলার পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তারা।