ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি : সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পেরে বর্তমান নির্বাচন কমিশন এখন অন্যের ওপর দায় চাপাতে চাচ্ছে। কোনো অজুহাতই হালে পানি পায় না। তারা সাংবিধানিক পদে থেকে সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণগবেষণা সমিতির (জিজিএস) ত্রিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার এ অভিযোগ করেন।
বদিউল আলম মজুমদার বলেন, এ নির্বাচন কখনই গ্রহণযোগ্য হয়নি। কারণ, নির্বাচনে ব্যাপক কারচুপি, সহিংসতা ও মনোনয়ন–বাণিজ্য হয়েছে।
এখন জীবনের দাম ছাড়া সবকিছুর দাম বেড়েছে—প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বদিউল আলম মজুমদার বলেন, এই নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই এসবের দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুরাদ আলী ও নারীনেত্রী নুরজাহান বেগম প্রমুখ।