ইউপি নির্বাচন নিয়ে আতঙ্কে ঢালারচরবাসী
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নবাসীর দিন কাটছে চরম আতঙ্কে। ৩ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে একের পর এক সংঘর্ষ ঘটায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সর্বশেষ গত শনিবার রাতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হন। ওই ঘটনার পর ইউনিয়নবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছায়। নির্বাচন ঘিরে এলাকায় চরমপন্থীদের আনাগোনা বেড়েছে বলে অনেকের অভিযোগ। যদিও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী ও দলটির বিদ্রোহী প্রার্থী নাছিরুদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দুজনই বলেছেন, চরমপন্থীদের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
পদ্মা ও যমুনা নদীর দুর্গম চরাঞ্চল নিয়ে ঢালারচর ইউনিয়ন গঠিত। দুর্গম হওয়ার কারণে ইউনিয়নটি চরমপন্থীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। ২০১০ সালের ২০ জুলাই ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ তিন পুলিশ সদস্য চরমপন্থীদের হাতে নিহত হন। এর আগে ২০০০ সালের ১১ সেপ্টেম্বর ঢালারচর ইউনিয়নের কোমরপুর গ্রামে চরমপন্থীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন বেড়া থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েতুল ইসলাম ও চরমপন্থী দলের তিন সদস্য। গত ১৫ বছরে চরমপন্থীদের হাতে এ রকম বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে ২০১০ সালের জুলাইয়ে চরমপন্থীদের হাতে তিন পুলিশ সদস্য নিহত হওয়ার পর ব্যাপক পুলিশি অভিযানে ঢালারচর অনেকটাই চরমপন্থীশূন্য হয়ে পড়ে। কিন্তু আসন্ন ইউপি নির্বাচন ঘিরে আবারও তাদের আনাগোনা শুরু হয়েছে।
জেলা ও উপজেলা (বেড়া) বিএনপির উদ্যোগে ১৬ মার্চ পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে ঢালারচর ইউনিয়নে চরমপন্থীদের বিষয়টি তুলে ধরেন বক্তারা। উপজেলা বিএনপির এক নেতা বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের বিদ্রোহী প্রার্থী চরমপন্থীদের সহায়তা নিচ্ছেন। এ কারণে বিএনপির মনোনীত প্রার্থী প্রচারণার ক্ষেত্রে অনেকটাই নিষ্ক্রিয় রয়েছেন।
কয়েকজন এলাকাবাসী বলেন, ঢালারচর ইউপি নির্বাচনে একটি কথা বেশ প্রতিষ্ঠিত, আর তা হলো—এখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে হলে চরমপন্থীদের সমর্থন লাগবেই। তবে ১৯৮৪ সালের পর থেকে এখানে যাঁরাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাঁদের একজনও এলাকায় থেকে দায়িত্ব পালন করতে পারেননি। নির্বাচিত হওয়ার পরপরই চরমপন্থী ও দুর্গম এলাকার অজুহাত দেখিয়ে তাঁরা ইউনিয়নের বাইরে নিরাপদ কোনো স্থানে অস্থায়ী ইউপি কার্যালয় বসিয়ে দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যানরা এভাবে দূরে থেকে দায়িত্ব পালন করায় ইউনিয়নের বাসিন্দারা হয়েছেন অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
আগের দিন দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের পর গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ঢালারচরে বিরাজ করছে আতঙ্ক। ইউনিয়নের বিভিন্ন বাজারের বেশির ভাগ দোকান বন্ধ দেখা গেছে।
মিরপুর গ্রামের আইজুদ্দিন মণ্ডল (৭০) ও রামনারায়ণপুর গ্রামের কটাই মণ্ডল (৮০) বলেন, এমনিতেই কয়েক দিন ধরে ভয়ে ছিলেন তাঁরা। এর মধ্যে শনিবার রাতের ঘটনা সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির মতো গুলির শব্দে অনেক বাড়িতে নারী ও শিশুরা ভয়ে কান্নাকাটি পর্যন্ত করেছে।
নাম প্রকাশ না করে অপর চার-পাঁচজন গ্রামবাসী বলেন, নির্বাচনী কর্মকাণ্ড শুরুর পর থেকে রাতে এলাকায় প্রায়ই অপরিচিত লোকজনকে ঘুরে বেড়াতে দেখা যায়। এ অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে আছেন তাঁরা।
জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘ঢালারচরে চরমপন্থীদের অস্তিত্ব নেই। নির্বাচন সামনে রেখে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নিয়ে এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি আমরা সর্বদা সজাগ দৃষ্টি রাখছি।’