ইউপি নির্বাচন নিয়ে ইউএনও-উপজেলা চেয়ারম্যানের বাগ্বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হওয়া-না হওয়া নিয়ে এক ইউএনও এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই ঘটনা ঘটে। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। সভায় উপস্থিত একাধিক সদস্য জানান, কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মো. ওমর ফারুক তাঁর বক্তব্যে কুমিল্লা জেলার চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন। তাঁর বক্তব্যের জের ধরে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা বলা ঠিক হবে না। এবারের নির্বাচনে অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে। ম্যাজিস্ট্রেটরা চার-পাঁচটি কেন্দ্রের দায়িত্বে থাকলেও সব কেন্দ্রে তদারকি করতে পারেননি।’ তাঁর বক্তব্যের জবাবে তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন আপনিও (সাজ্জাদ হোসেন) আমাকে আপনার মনোনীত প্রার্থীর মুঠোফোনের মাধ্যমে তিনবার ফোন দিয়েছেন। আমার কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন। কিন্তু আমি ওই ফোন রিসিভ করিনি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারি কর্মকর্তারা বদ্ধপরিকর। কুমিল্লায় আমরা সুষ্ঠু নির্বাচন করেছি।’এরপর উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আবার মাইক্রোফোন নেন। তিনি উচ্চ স্বরে বলেন, ‘আমি আপনার মুঠোফোনে ফোন দেইনি। কখন দিয়েছি, প্রমাণ করতে হবে। নির্বাচনের দিন আমি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বুড়িচং উপজেলা পরিষদ কমপ্লেক্সে ছিলাম।’উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের পর কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বক্তব্য দেন। তিনি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার কুমিল্লা জেলার ১৩টি উপজেলায় অপেক্ষাকৃত সুষ্ঠু নির্বাচন হয়েছে। দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ নেই। সুতরাং এ নিয়ে আর কথা বাড়ানো ঠিক নয়। সামনে তিনটি উপজেলার নির্বাচন রয়েছে। এগুলো শেষ করতে হবে।’কুমিল্লার বুড়িচং উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ জুন শেষ হয়। এতে সাতটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জয়ী হয়েছেন। বাকি ছয়টিতে তাঁর সমর্থিতরা হেরেছেন।