ইউপি নির্বাচন নিয়ে কুষ্টিয়া নাটোরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সৌদিপাড়া গ্রামে গত বুধবার রাতে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। একই রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া বাজারে নির্বাচনী প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে ভোট চাওয়াকে কেন্দ্র করে রামকৃষ্ণপুর ইউনিয়নের দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী ‘বিএনপি-সমর্থিত’ রিয়াজ উদ্দিন ও ‘আওয়ামী লীগ-সমর্থিত’ জহিরুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে রিয়াজ উদ্দিন পক্ষের সৌদিপাড়া গ্রামের জিন্নাত ঠাকুরের দুই ছেলে জিয়ারুল ইসলাম (৩০) ও তাঁর ছোট ভাই শফিকুল (২৮) ইসলাম গুলিবিদ্ধ হন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন জহিরুল ইসলাম পক্ষের একই এলাকার শিল্টু (২০), ময়নুল (২৫) ও কালাচাঁদ (৩৬)। গুলিবিদ্ধ ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে অন্তত পাঁচ-সাতটি গুলি বিনিময় হয় বলে এলাকাবাসী জানায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গুলি বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন।নাটোরের বাগাতিপাড়া থানা সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে উপজেলার কলাবাড়িয়া বাজারে ফাগুয়াড়দিয়াড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনের কর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় উভয়ের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা লাঠি ও রড নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ওমর ফারুক (২৮), শহিদুল ইসলাম (৩২), তৈয়জদ্দিন (৪২), আয়নাল হোসেন (৩৫), রবিউল (৩৫) ও এনামুলকে (২৮) বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।