ইউপি নির্বাচন সামনে রেখে ডিগবাজি
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার আশায় তিনি দলত্যাগ করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
আলী আতোয়ার ২৪ বছর ধরে গোহাইল ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদারের বড় ভাই।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত শনিবার সন্ধ্যায় বগুড়া শহরের ঝাউতলায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে আলী আতোয়ার আওয়ামী লীগে যোগ দেন।
প্রত্যক্ষদর্শী একাধিক নেতা প্রথম আলোকে বলেন, দলে যোগদানের আগেই জেলা আওয়ামী লীগের সভাপতির পক্ষ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আলী আতোয়ারকে নিশ্চিত করা হয়।
শাজাহানপুর উপজেলা বিএনপি ও স্থানীয় চারজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, আলী আতোয়ার আওয়ামী লীগে যোগ দিলেও তাঁর গোটা পরিবার বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত। ছোট ভাই আলী আজগর তালুকদার দীর্ঘদিন জেলা বিএনপির শীর্ষ পদে রয়েছেন এবং দুই দফায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বিএনপির একাধিক সূত্র জানায়, আলী আজগর তালুকদারের সঙ্গে জেলা বিএনপির সভাপতির দূরত্বের জের ধরে আলী আতোয়ারকে বেশ কিছুদিন ধরে বিএনপিতে কোণঠাসা করে রাখা হয়। সম্প্রতি শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে তাঁকে না রাখায় তিনি ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
আলী আতোয়ার বলেন, ‘বগুড়া বিএনপি এখন জেলার সভাপতি সাইফুল ইসলাম প্রাইভেট লিমিটেড। তাঁর পকেট কমিটিতে দল চলছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ২৪ বছর ধরে চেয়ারম্যানের পদে থেকেও সাইফুল ইসলামের কূটকৌশলে আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি আমাকে। দলে মূল্যায়ন না করায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে আমাকে।’
শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার বলেন, আলী আতোয়ার শহীদ জিয়াউর রহমানের আদর্শে দল করতেন না, ব্যক্তিস্বার্থে দল করতেন। তাঁর মতো নেতা দল ছাড়ায় বিএনপি আরও চাঙা ও সুসংগঠিত হবে।
আলী আজগর তালুকদার বলেন, বড় ভাই হলেও দল বদলের বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি বিব্রত।
গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় দীর্ঘদিন ধরে গণসংযোগ করছি। কিন্তু দলে সদ্য যোগদানকারী নেতাকে মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় জেলা সভাপতি আমাকে নির্বাচন না করার জন্য বলেছেন।’